ফেনীতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে মালবাহী ট্রাকের ধাক্কায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের মালিক গুরুতর আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ফেনীর লালপোল এলাকায় ঢাকামুখি লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম ওমর ফারুক (৩৬)। তিনি বগুড়ার শাহজাহানপুর উপজেলার ডোমনপুকুর গ্রামের ইউনুস আলীর ছেলে। আহত ট্রাকের মালিক হলেন বগুড়া সদর উপজেলার বুজুরুক মাজিরা গ্রামের লাল মিয়ার ছেলে জিল্লুর হোসেন (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে আসা একটি ট্রাক ফেনীর লালপোল পার হওয়ার পর নাসির মেমোরিয়াল কলেজের সামনে পৌঁছালে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ওমর ফারুকের মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ট্রাকের মালিক জিল্লুর হোসেনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত জিল্লুর হোসেনের জামাতা ইস্রাফিল হাসান জানান, তার শ্বশুর চট্টগ্রাম থেকে সরকারি চাল নিয়ে ঢাকার তেজগাঁওয়ের উদ্দেশে রওনা দিয়েছিলেন।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রায়হান হোসেন বলেন, গুরুতর আহত অবস্থায় জিল্লুর হোসেনকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ট্রাকচালক ঘটনাস্থলেই মারা যান। আহত ব্যক্তিকে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


