ঢাকাশনিবার , ১৭ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

দ্রুতগামী গাড়ির ধাক্কায় মৃত্যু নিকেলোডিয়নের শিশু শিল্পীর

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৭, ২০২৬ ৪:২৭ অপরাহ্ণ । ১১২ জন

এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শিশুতোষ টেলিভিশন নিকেলোডিয়নের জনপ্রিয় শিশু শিল্পী কিয়ানা আন্ডারউড। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনের ব্রাউনসভিল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

নিউ ইয়র্ক পুলিশ জানায়, শুক্রবার সকাল আনুমানিক ৬টা ৫০ মিনিটে কিয়ানা আন্ডারউড ব্রুকলিনের ব্রাউনসভিল এলাকার একটি সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি সেডান গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ধাক্কা দেওয়ার পর গাড়িটি কিয়ানাকে কয়েক হাত টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ আরও জানায়, ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে ধরে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত ঘাতক চালককে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পরপরই গাড়িটি পালিয়ে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউ ইয়র্ক সিটিতে জন্ম নেওয়া কিয়ানা আন্ডারউড শৈশব থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নিকেলোডিয়নের জনপ্রিয় স্কেচ কমেডি শো ‘অল দ্যাট’ (All That)–এর শেষ সিজনে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। পাশাপাশি জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ ‘লিটল বিল’ (Little Bill)–এ ফুশিয়া গ্লোভার চরিত্রে কণ্ঠ দিয়ে দর্শকমহলে আলাদা পরিচিতি তৈরি করেন।

টেলিভিশনের পাশাপাশি কিয়ানা থিয়েটারেও সক্রিয় ছিলেন। বিখ্যাত মিউজিক্যাল ‘হেয়ারস্প্রে’ (Hairspray)–এ লিটল ইনেজ চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়। জনপ্রিয়তার শীর্ষে থাকার সময় ‘অল দ্যাট’ সিরিজ শেষ হলে তিনি ধীরে ধীরে শোবিজ থেকে আড়ালে চলে যান। দীর্ঘদিন ধরে তিনি নিউ ইয়র্কে একাই বসবাস করছিলেন বলে জানা গেছে।

কিয়ানা আন্ডারউডের আকস্মিক মৃত্যুতে তার ভক্ত, সহকর্মী ও বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং দোষী চালককে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।