ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

তেঁতুলিয়ায় শীতের দাপট, তাপমাত্রা নেমেছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ণ । ১২৭ জন

কাঞ্চনজঙ্ঘা-হিমালয় পর্বতের নিকটবর্তী হওয়ায় উত্তর দিক থেকে নেমে আসা হিমেল বাতাস ও ঘন কুয়াশায় কাঁপছে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। কনকনে শীতের দাপটে জবুথবু হয়ে পড়েছে জনজীবন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ বলে জানিয়েছে তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিস।

অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “এ অঞ্চলটি হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর দিক থেকে প্রবাহিত হিমেল বাতাসের প্রভাবে তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে গেছে। সামনের দিকে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।”

গত কয়েক দিন ধরেই উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় জেঁকে বসেছে শীত। বিশেষ করে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে সড়ক-মহাসড়ক। হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীতের তীব্রতায় খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। গ্রামীণ এলাকায় মানুষজন গরম কাপড় ও আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।