ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

ঢাকায় আবারও বায়ুদূষণ বৃদ্ধি, বিশ্বে ৬ষ্ঠ অবস্থানে

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৫, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ণ । ১৬ জন

বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ দিন দিন বাড়ছে। এর মধ্যে দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা বায়ুদূষণের কবলে রয়েছে। সম্প্রতি শহরটির বায়ুমানের ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে।

রোববার (৫ এপ্রিল) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৫৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ঢাকা। এই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। এর আগে শনিবার একই সময়ে ঢাকার স্কোর ছিল ১০৮ এবং শুক্রবার ছিল ১২৩। অর্থাৎ, গত কয়েকদিনে ঢাকার বায়ুদূষণের মাত্রা আবারও বৃদ্ধি পেয়েছে।

তালিকায় শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই, যার স্কোর ১৯৬। দ্বিতীয় অবস্থানে ইরাকের বাগদাদ (১৮০), তৃতীয় অবস্থানে কুয়েত সিটি (১৭৫) এবং চতুর্থ অবস্থানে ভিয়েতনামের হ্যানয় (১৬৬)। ভারতের দিল্লি ১৫৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। অন্যদিকে মুম্বাই ৭১ স্কোর নিয়ে ৩২তম অবস্থানে রয়েছে।

এছাড়া পাকিস্তানের লাহোর ১২২ স্কোর নিয়ে ১৩তম এবং করাচি ১০২ স্কোর নিয়ে ১৮তম অবস্থানে রয়েছে। এসব শহরের বায়ুমানও সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হচ্ছে।

বায়ুমান সূচক (AQI) অনুযায়ী, শূন্য থেকে ৫০ ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০১ এর উপরে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের দূষিত বাতাস শিশু, প্রবীণ এবং অসুস্থদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। তাই এ অবস্থায় বাইরে বের হওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।