ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  • অন্যান্য

জলবায়ু পরিবর্তনে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১, ২০২৫ ২:১৭ অপরাহ্ণ । ১০৭ জন

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অ্যাকুমেন হ্যাভেন, অওরর টেক্স, রায়ের বাজার উচ্চ বিদ্যালয় ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী। রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন্নেছা সভাপতিত্ব করেন। কর্মশালার সঞ্চালনা করেন অ্যাকুমেন হ্যাভেনের ফিল্ড কো-অর্ডিনেটর এস. এম. ফেরদৌস। উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষকরা এবং ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা প্রমা সাহা। কর্মশালায় অংশ নেন বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৫০ জন শিক্ষার্থী।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশের জন্য নয়, এটি আমাদের জীবন ও স্বাস্থ্য, কৃষি উৎপাদন এবং জীববৈচিত্র্যের ওপর গভীর প্রভাব ফেলে। তাই শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করা এবং পরিবেশ সুরক্ষায় নেতৃত্ব প্রদানের গুণাবলি অর্জন করা অত্যন্ত জরুরি।

কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন যে শুধুমাত্র পাঠ্যপুস্তকের সীমাবদ্ধতায় না থেকে, নিজেদের এবং সমাজকে সচেতন করে পরিবেশের ক্ষতিকর কর্মকাণ্ড থেকে বিরত রাখা সম্ভব। আশা করা হচ্ছে, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যতের পরিবেশবিদ, কৃষি বিশেষজ্ঞ বা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নেতৃত্ব দেয়ার মনোভাব তৈরি করবে।