রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে গত কয়েকদিনের মতো তীব্র শীত আজ আর থাকছে না এবং দিনের দীর্ঘ সময় সূর্যের দেখা মিলতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৭টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮০ শতাংশ। এর আগে সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৪ মিনিটে।
এদিকে দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রার চিত্রে দেখা গেছে-চট্টগ্রামে সর্বনিম্ন ১৪ দশমিক ৪ ডিগ্রি ও সর্বোচ্চ ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে সর্বনিম্ন ৯ দশমিক ৮ ও সর্বোচ্চ ২৫ ডিগ্রি, খুলনায় সর্বনিম্ন ১১ ও সর্বোচ্চ ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
সিলেটে সর্বনিম্ন ১২ দশমিক ৫ ও সর্বোচ্চ ২৮ দশমিক ২ ডিগ্রি, বরিশালে সর্বনিম্ন ১১ দশমিক ৭ ও সর্বোচ্চ ২৬ দশমিক ৫ ডিগ্রি, রংপুরে সর্বনিম্ন ৮ দশমিক ৪ ও সর্বোচ্চ ২৮ ডিগ্রি এবং ময়মনসিংহে সর্বনিম্ন ১৩ ও সর্বোচ্চ ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, আগামী কয়েক ঘণ্টায় সারাদেশে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।


