
সিলেটের ওসমানীনগরে তিন গাড়ির ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সিলেটগামী একটি মাইক্রোবাস এবং শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মাইক্রোবাসের যাত্রী সুহেল আহমদ (৪৭) ঘটনাস্থলেই মারা যান। তিনি চাঁদপুর সদর উপজেলার মহামায়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত সাতজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে খায়রুল ইসলাম (৪৭) নামের আরেকজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তিনি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর আগে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত তিনটি গাড়িই জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।