ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

একদিনের বিরতির পর আবারও চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ জানুয়ারী ২০২৬, ১১:১৯ সকাল

Link Copied!

মাত্র একদিনের ব্যবধানে আবারও মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। হিমেল বাতাস ও কনকনে ঠান্ডার দাপটে স্বাভাবিক জনজীবন ফের বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ, দিনমজুর, রিকশা ও ভ্যানচালকসহ ছিন্নমূল জনগোষ্ঠী।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। এর আগে টানা চার দিন জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যায়। গতকাল রোববার (৪ জানুয়ারি) একদিনের জন্য শৈত্যপ্রবাহের তীব্রতা কিছুটা কমলেও আজ থেকে আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।

গতকাল সারাদিন সূর্যের দেখা না মেলায় শীতের প্রকোপ আরও বেড়ে যায়। হাড়কাঁপানো ঠান্ডায় জবুথবু হয়ে পড়ে জেলার জনপদ। হালকা কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে দিন দিন শীতের তীব্রতা বাড়ছে। সোমবার সকালে সূর্যের আংশিক দেখা মিললেও কনকনে ঠান্ডার দাপট কমেনি।

তীব্র শীতের কারণে প্রয়োজনীয় কাজ ছাড়া মানুষ ঘরের বাইরে বের হতে চাইছেন না। দোকানপাট খুলছে দেরিতে, রাস্তাঘাট ও বাজারগুলোতে স্বাভাবিক দিনের তুলনায় লোকসমাগমও কমে গেছে। তবে জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে দিনমজুর, রিকশা ও ভ্যানচালকদের।

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে জেলাজুড়ে শীতজনিত রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ও বয়োবৃদ্ধ রোগীর ভিড় বাড়ছে। বিশেষ করে রোটাভাইরাসজনিত ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অনেক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। সদর হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ জন রোগী শ্বাসকষ্ট, জ্বর ও ডায়রিয়াসহ নানা সমস্যার চিকিৎসা নিচ্ছেন।

এদিকে তীব্র শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সামাজিক ও অরাজনৈতিক সংগঠন। জেলার বিভিন্ন উপজেলা ও শহরের একাধিক স্থানে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল, শীতের কাপড় ও অন্যান্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবীরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে থেকে শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছেন। এতে কিছুটা হলেও শীতার্ত মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, প্রায় সপ্তাহজুড়ে জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ১১ অথবা ১২ জানুয়ারি পর্যন্ত শৈত্যপ্রবাহ চলতে পারে। এ সময় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

কেনিয়ায় প্রথম ইবোলা আক্রান্তের মৃত্যু, শনাক্ত ২৮ সংস্পর্শ ব্যক্তি

সাইবেরিয়ায় ল্যাবকর্মীর মৃত্যু, রাশিয়ায় প্লেগ মহামারি ছড়ানোর ঝুঁকি কতটা?

বাজার তদারকিতে ৯৫ প্রতিষ্ঠানকে ৫ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

১০ এয়ারবাস কিনতে আজ চুক্তি করছে বিমান

ডেঙ্গু বাড়ায় হাসপাতালগুলোকে শয্যা বাড়ানোর নির্দেশ

দখলমুক্ত মিরপুর-১০, ফুটপাতে ফিরেছে স্বস্তি

গ্যাসকে পেছনে ফেলে এশিয়ার জ্বালানি মানচিত্রে শীর্ষে এখন সৌরবিদ্যুৎ

সড়ক দুর্ঘটনায় তাৎক্ষণিক চিকিৎসায় ভূমিকা রাখছে স্বেচ্ছাসেবকরা

ল্যাবরেটরির নিঃসঙ্গ রাত থেকে বিজ্ঞানী কার্ল ডেইসারথের নোবেলের জয়

দেশে শব্দদূষণ কমাতে ১ লাখ ৩৯ হাজারের বেশি মানুষকে প্রশিক্ষণ

রাজশাহীতে ৪৮৯ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, বরাদ্দ ২৮৯ টন চাল

মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান