ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

উন্নত স্বাস্থ্যসেবায় চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ সকাল

Link Copied!

উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার ফার্মগেটে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) অডিটোরিয়ামে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসাসেবার পাশাপাশি নিরাপদ ও কার্যকর ওষুধের নিশ্চয়তা, দক্ষ ফার্মাসিস্ট এবং গবেষণা ও উদ্ভাবনের ওপর গুরুত্ব দিতে হবে।

দেশে ফার্মাসি শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর ফার্মাসি বিভাগে মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ দেশের সামগ্রিক উন্নয়নের জন্য ইতিবাচক।

বাংলাদেশের ওষুধ শিল্পের অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, দেশের তৈরি ওষুধ ১৬০টির বেশি দেশে রফতানি হচ্ছে। বাংলাদেশের ওষুধ শিল্প আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে এবং বিশ্বের বিভিন্ন দেশে এসব ওষুধের চাহিদা ও সুনাম রয়েছে।

এই অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে ফার্মাসিস্টদের গবেষণা, দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী।

চিকিৎসক ও গণমাধ্যমের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, গণমাধ্যম ও চিকিৎসকরা একে অপরের প্রতিপক্ষ নন। স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা গণমাধ্যমে উঠে এলে তা সংশোধনের সুযোগ তৈরি হয়। এর মাধ্যমে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব।

এ সময় করোনা মহামারিসহ বিভিন্ন স্বাস্থ্য সংকটে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অবদান ও আত্মত্যাগের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

অনুষ্ঠানে ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মাসি কাউন্সিলের স্বীকৃতি ও শিক্ষা কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা এবং ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে এম মোজিবুল হক।

Facebook Comments Box

আরও পড়ুন

অটিজম বৈশিষ্ট্যসম্পন্নদের অন্তর্ভুক্তিতে বৈশ্বিক সহযোগিতার আহ্বান

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাটের ঘটনায় গ্রেফতার ৯

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী নর’ইস্টার, নিহত ১

নদী-খাল দখল ও দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান এমপি খোকন

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, পাঁচজনই খুলনার

উন্নত স্বাস্থ্যসেবায় চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জিবুতিতে নিজের সামরিক ঘাঁটির আধুনিকায়ন ও নজরদারি শক্তি বাড়াল চীন

বাসচাপায় মা-মেয়ের মৃত্যু, স্বামী আহত

বিশ্ব পর্যটন দিবস আজ

বিদ্যুতের বিল কমাতে যে ভুল ধারণাগুলো এড়িয়ে চলবেন

ভরা মৌসুমেও পদ্মায় ইলিশের দেখা নেই, বিপাকে ৫ হাজার জেলে

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম