ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬

আগামী ৫ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১২, ২০২৬ ১২:৩৫ অপরাহ্ণ । ৩৫ জন

দেশের আবহাওয়ায় আবারও পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের বর্ধিতাংশ এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে কোথাও কোথাও দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ওঠানামা করতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আজ সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।

দ্বিতীয় দিন (১৩ এপ্রিল ২০২৬) ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

তৃতীয় দিন (১৪ এপ্রিল ২০২৬) ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

চতুর্থ দিন (১৫ এপ্রিল ২০২৬) সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ প্রধানত শুষ্ক আবহাওয়া থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পঞ্চম দিন (১৬ এপ্রিল ২০২৬) রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বর্ধিত পাঁচ দিনের মধ্যে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।