
টেকসই জাতীয় সক্ষমতা গড়ে তোলা এবং অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের সমাজে অর্থবহভাবে অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করতে আরও জোরালো আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের পার্শ্ববৈঠক হিসেবে আয়োজিত ‘অটিজমে বৈশ্বিক পদক্ষেপ ত্বরান্বিতকরণ: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে গ্লোবাল অটিজম অ্যাডভোকেসি কোয়ালিশন’ শীর্ষক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
শামা ওবায়েদ বলেন, অটিজম নিয়ে আন্তর্জাতিক সহযোগিতার মূল লক্ষ্য হওয়া উচিত টেকসই জাতীয় সক্ষমতা জোরদার করা। এর মাধ্যমে দেশগুলো অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক কার্যকর এবং দীর্ঘস্থায়ী ব্যবস্থা গড়ে তুলতে পারবে।
তিনি বলেন, অটিজম ও প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অর্থপূর্ণভাবে অংশ নিতে পারেন, সে বিষয়ে বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
প্রতিমন্ত্রী বলেন, অটিজম ও প্রতিবন্ধী ব্যক্তিরা শুধু সহায়তার প্রাপক হিসেবে থাকবেন না; শিক্ষা, কর্মসংস্থান, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে তাদের গড়ে তুলতে হবে।
‘গ্লোবাল অটিজম অ্যাডভোকেসি কোয়ালিশন’ উদ্যোগকে স্বাগত জানিয়ে শামা ওবায়েদ জাতীয় ব্যবস্থা শক্তিশালী করা এবং অটিজম অন্তর্ভুক্তি এগিয়ে নিতে প্রমাণভিত্তিক সমাধান প্রচারের ওপর গুরুত্ব দেন।
অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের যথাযথ সহায়তা ও সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে জনশক্তি উন্নয়ন, উদ্ভাবন ও বিনিয়োগের গুরুত্বও তুলে ধরেন তিনি।
উচ্চপর্যায়ের এ অনুষ্ঠানে অটিজম বিষয়ে আন্তর্জাতিক প্রতিশ্রুতিগুলোকে শক্তিশালী জাতীয় ব্যবস্থা ও সমন্বিত বৈশ্বিক পদক্ষেপের মাধ্যমে বাস্তবায়নে রূপ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
কাতার, কাতার ফাউন্ডেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ এবং ‘অটিজম স্পিকস’ যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। এতে বিভিন্ন দেশের মন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।