ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

২০২৫ সালে বাংলাদেশকে ২.৫৭ বিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি এডিবির

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৫, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ণ । ১৫৩ জন

২০২৫ সালের কর্মসূচির আওতায় বাংলাদেশকে নতুন করে ২ দশমিক ৫৭ বিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩১ হাজার ৪৯৫ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৫৫ পয়সা হিসেবে)। যা ২০২৪ সালে এডিবির ১ দশমিক ১৮ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতির দ্বিগুণেরও বেশি।

সোমবার (৫ জানুয়ারি) এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের কর্মসূচিতে কক্সবাজারে জ্বালানি ও পরিবহন খাত উন্নয়ন, ব্যাংকিং সংস্কার, নগর পরিষেবা সম্প্রসারণ, জলবায়ু সহনশীলতা জোরদার, ক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোগ (এসএমই) এবং জীবিকা ও পরিষেবার উন্নয়নে অগ্রাধিকারমূলক বিনিয়োগ করা হবে। এ বছরের সার্বভৌম ঋণদান পোর্টফোলিও বিভিন্ন খাত ও অর্থায়ন পদ্ধতির ভারসাম্যপূর্ণ সমন্বয়কে প্রতিফলিত করে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিওং বলেন, “এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়ে বাংলাদেশের অগ্রাধিকারগুলোকে সমর্থন করতে পেরে আমরা গর্বিত। বৈশ্বিক পরিস্থিতি দিন দিন চ্যালেঞ্জিং হয়ে উঠলেও বাংলাদেশের উন্নয়নযাত্রায় আমাদের অংশীদারত্ব অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “২০২৫ সালের প্রতিশ্রুতিগুলো বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি অংশীদারত্বের প্রতিফলন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং অন্যান্য সরকারি মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক বৈচিত্র্য, উন্নত অবকাঠামো ও পরিষেবা এবং মানব উন্নয়নে যৌথভাবে কাজ করা হবে।”

এডিবির তথ্যমতে, ১০টি প্রকল্পে প্রতিশ্রুত মোট ২ দশমিক ৫৭ বিলিয়ন ডলারের মধ্যে পরিবহন খাতে প্রায় ৩৫ শতাংশ, অবকাঠামো উন্নয়নে ২৩ শতাংশ, সরকারি খাত ব্যবস্থাপনা ও শাসনব্যবস্থা শক্তিশালীকরণে ১৬ শতাংশ, জ্বালানি খাতে ১১ শতাংশ, পানি ও নগর উন্নয়নে ৯ শতাংশ এবং মানব ও সামাজিক উন্নয়নে ৬ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।