আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বিশেষ নৌসেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। আগামী ১৭ মার্চ, ২০২৬ থেকে শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট এবং ঢাকার বসিলা লঞ্চঘাট থেকে নির্ধারিত বিভিন্ন রুটে এই বিশেষ লঞ্চ ও স্টিমার সার্ভিস শুরু হবে।
মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে এবং যানজটমুক্ত যাতায়াত নিশ্চিত করতেই প্রথাগত রুটের বাইরে এই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নির্ধারিত নৌরুটসমূহ
বিশেষ এই ব্যবস্থার আওতায় দুটি প্রধান পয়েন্ট থেকে নৌযানগুলো চলাচল করবে:
শিমুলিয়া (কাঞ্চন ব্রিজ সংলগ্ন) পয়েন্ট থেকে: শিমুলিয়া – ডেমরা – নারায়ণগঞ্জ – চাঁদপুর – কালিগঞ্জ – হিজলা – বরিশাল।
বসিলা (বসিলা ব্রিজ সংলগ্ন) পয়েন্ট থেকে: বসিলা – সদরঘাট – মুন্সিগঞ্জ – চাঁদপুর – ঈদগা ফেরিঘাট – শরীয়তপুর – ইলিশা – হাকিমুদ্দিন – গলাচিপা।
ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে ইতিমধ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়েছে। বিশেষ করে শিমুলিয়া ও বসিলা সংলগ্ন ঘাটগুলোতে যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়ে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। নৌপরিবহন মন্ত্রণালয় যাত্রীদের এসব নির্ধারিত রুট ব্যবহার করে নিরাপদে যাতায়াত করার আহ্বান জানিয়েছে।
জরুরী প্রয়োজনে যোগাযোগ: নৌপথে চলাচলকালীন যেকোনো সমস্যায় বা তথ্যের জন্য বিআইডব্লিউটিএ-এর হটলাইন নম্বর ১৬১১৩-এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
বিআইডব্লিউটিএ আশা করছে, এই নতুন রুটগুলো চালুর ফলে সদরঘাট ও মাওয়া পয়েন্টের ওপর যাত্রীদের বাড়তি চাপ অনেকটাই হ্রাস পাবে এবং সাধারণ মানুষ পরিবার-পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্বাচ্ছন্দে বাড়ি ফিরতে পারবেন।


