আঞ্চলিক পরিস্থিতির কারণে কাতারের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় ১৩ থেকে ১৭ মার্চ পর্যন্ত সীমিত ফ্লাইট সূচি প্রকাশ করেছে Qatar Airways।
এয়ারলাইনটি জানিয়েছে, এই পাঁচ দিনে দোহাকে বিশ্বের গুরুত্বপূর্ণ কয়েকটি গন্তব্যের সঙ্গে সংযুক্ত রাখতে প্রায় ১৩০টি বিশেষ ফ্লাইট (আগমন ও প্রস্থান মিলিয়ে) পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। এসব গন্তব্যের মধ্যে রয়েছে লন্ডন, প্যারিস, আমস্টারডাম, ফ্রাঙ্কফুর্ট, ইস্তাম্বুল, ব্যাংকক, কুয়ালালামপুর, মিয়ামি, নিউইয়র্ক, জোহানেসবার্গ, সিউল ও পার্থসহ আরও কয়েকটি শহর।
সংস্থাটি বলেছে, আঞ্চলিক পরিস্থিতির কারণে ফ্লাইট কার্যক্রম স্বাভাবিক রাখতে ধীরে ধীরে অপারেশন সাজানো হচ্ছে। এ সময় ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তা এবং বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোকে পুনর্মিলিত করতে তারা সার্বক্ষণিক কাজ করছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও ঘনিষ্ঠ সমন্বয় করা হচ্ছে।
এদিকে কাতারের আকাশসীমা নিরাপদভাবে পুনরায় চালুর বিষয়টি নিশ্চিত করার পরই নিয়মিত ফ্লাইট কার্যক্রম পুরোপুরি চালু করা হবে বলে জানিয়েছে Qatar Civil Aviation Authority।


