ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় ‘উৎস সন্ধ্যা ২০২৫’-সঙ্গীতপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২৫ ১০:৫৩ পূর্বাহ্ণ । ৯০ জন

সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় তহবিল সংগ্রহের উদ্দেশ্যে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘উৎস সন্ধ্যা ২০২৫’ আয়োজন করেছে উৎস বাংলাদেশ। গত ২১ নভেম্বর রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন দেশের জনপ্রিয় দুই শিল্পী বাপ্পা মজুমদার ও সোমনুর মনির কোনাল। সঙ্গীতপ্রেমীদের উপস্থিতিতে ছিল এক মনোমুগ্ধকর সন্ধ্যা।

অনুষ্ঠানের শুরুতে বাপ্পা মজুমদার ও দলছুট পরিবেশন করে জনপ্রিয় গান ‘বৃষ্টি পড়ে’। এরপর শোনান ‘দিন বাড়ি যায়’। কোনালের পরিবেশনা শুরু হয় ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের টাইটেল গান দিয়ে। দুই শিল্পী মিলে প্রায় ১৫টি গান পরিবেশন করেন। বাপ্পার জনপ্রিয় গান ‘পরী’, ‘বাজি’ ও ‘তোমাকেই বলে দেব’ এবং কোনালের ‘রাজকুমার’, ‘বসন্ত চলে যায়’ ও ‘ঘুম জড়ানো’ গানগুলো দর্শকদের মুগ্ধ করে। তিনি জোয়ান বায়েজের বিখ্যাত গান ‘সং অব বাংলাদেশ’–ও পরিবেশন করেন।

প্রথমবারের মতো একই মঞ্চে যুগলভাবে গান করেন বাপ্পা ও কোনাল। তাঁদের কণ্ঠে ‘একটু যদি তাকাও তুমি’ ও ‘চোখের ভিতর স্বপ্ন’ গান দুটি দর্শকদের উচ্ছ্বাসে ভরিয়ে তোলে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করার সুযোগ পাওয়ায় উভয় শিল্পী কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উৎস বাংলাদেশ দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে কাজ করছে। অনুষ্ঠানের পুরো আয় ব্যয় করা হবে সংস্থাটির দুইটি স্কুল ও ঢাকার বিভিন্ন বস্তিতে পরিচালিত আটটি ‘আস্থা’ ডে-কেয়ার সেন্টারের ৫০০-রও বেশি শিশু ও কিশোরদের সহায়তায়।

অনুষ্ঠানে বক্তব্য দেন উৎস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাহবুবা আকতার মাহমুদ লীনা। তিনি বলেন, “বত্রিশ বছর আগে মাত্র তিনটি শিশুকে নিয়ে উৎসের যাত্রা শুরু। আমাদের লক্ষ্য ছিল এমন একটি বাংলাদেশ গড়া, যেখানে কোনো শিশুকে রাস্তায় বড় হতে হবে না; তারা নিরাপদ, আনন্দময় ও স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে উঠবে।”

ইভেন্টটির প্রধান সহযোগী হিসেবে ছিল ওয়ান বাংলাদেশ। কো-স্পন্সর হিসেবে অংশ নেয় এএমসি নিট কম্পোজিট, সেন্ট্রাল উইমেন্স বিশ্ববিদ্যালয়, গুলশান ইনার হুইল ক্লাব, ম্যাক লুব্রিকেন্ট, পোলার আইসক্রিম, শক্তি ফাউন্ডেশন ও ঊর্মি গ্রুপ।

এ ছাড়া অংশীদার প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল—এবিসি রিয়েল এস্টেট, অ্যাক্সেস ফ্রেইট, আনোয়ার ল্যান্ডমার্ক, বাংলাদেশ ফাইন্যান্স, মাল্টিমোডাল সার্ভিসেস, সিটি ব্যাংক, ডিবিএইচ হাউজিং ফাইন্যান্স, ডিবিএল গ্রুপ, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ফিনলে প্রপার্টিজ, ইফাদ গ্রুপ, আইপিডিসি ফাইন্যান্স, ইস্পাহানি গ্রুপ, নিউ জড়োয়া হাউস, আইডিএলসি ফাইন্যান্স, মাস্টারকার্ড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, নভোএয়ার, পদ্মা অ্যাপারেলস, পেপার রাইম, প্রাইম ব্যাংক, রেকিট, রিচমন্ড, রূপালি গ্রুপ, টেকনোটেল মেরিটাইম, আটলান্টিক রিসোর্ট, থ্রি অ্যাঙ্গেল মেরিনসহ উৎস বাংলাদেশের বহু শুভাকাঙ্ক্ষী প্রতিষ্ঠান।

আয়োজনে ইভেন্ট পার্টনার ছিল এশিয়াটিক ইএক্সপি ও মঙ্গলদ্বীপ ফাউন্ডেশন, এবং টিকিট পরিষেবায় সহায়তা করে টিকিফাই।