ভোলা–চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে লালমোহনের আজার উদ্দিন ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলমান রয়েছে।
ওসি আরও জানান, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


