ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় রিকশার দুই যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৪, ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ । ৯ জন

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় রিকশার দুই আরোহীর মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। শুক্রবার (৩ এপ্রিল) রাতের দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের বয়স আনুমানিক ৪০ থেকে ৫০ বছরের মধ্যে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।

পথচারী খায়রুল ও হৃদয় জানান, স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন। তারা ধারণা করছেন, নিহত দুজনের একজন রিকশাচালক এবং অন্যজন যাত্রী ছিলেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।