ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬

মুকসুদপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১০:১৬ পূর্বাহ্ণ । ৩৪ জন

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে রাফসান রাফি (১৬) ও অনুজ মজুমদার (১৬) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার নিশিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুকসুদপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন।

নিহত রাফসান রাফি মুকসুদপুর পৌরসভার দক্ষিণ চন্ডিবরদী এলাকার জাহিদ মিয়ার ছেলে এবং অনুজ মজুমদার শিমুলশুর গ্রামের শিশির মজুমদারের ছেলে। চলতি বছর মুকসুদপুরের এস জে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে তাদের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে বন্ধু অনুজকে সঙ্গে নিয়ে পারিবারিক কাজে মোটরসাইকেলে করে নিশিতলার দিকে যাচ্ছিল রাফসান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়দের সহায়তায় তাদের প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাফসান রাফি মারা যান। আর অনুজ মজুমদার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।