ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

মালয়েশিয়ার পতিতালয় থেকে বাংলাদেশিসহ ১৩৯ প্রবাসী আটক

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৮, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ । ১৪১ জন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে ১৩টি সন্দেহজনক ব্যবসাপ্রতিষ্ঠান ও পতিতালয় থেকে বাংলাদেশিসহ ১৩৯ প্রবাসী আটক করা হয়েছে। অভিযানে মোট ২০৫ জনকে যাচাই-বাছাই করা হয়, তাদের মধ্যে ১১২ জন নারী।

ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বাসরি ওথমান জানান, অভিযান রোববার বেলা ১১টা ৩০ মিনিটে শুরু হয়ে রাজধানীর বিদেশি উপস্থিতি বেশি এলাকা-জালান পেতালিং, জালান ইমবি ও জালান পুডু-এ চলে। আটক প্রবাসীদের বয়স ২০ থেকে ৬৫ বছরের মধ্যে এবং তারা ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিক বলে নিশ্চিত করা হয়েছে।

অভিযানের সময় স্থানীয় ২০ জন পুরুষকেও আটক করা হয়, যাদেরকে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর তত্ত্বাবধায়ক বা ‘ক্যাপ্টেন’ হিসেবে সন্দেহ করা হচ্ছে। বাসরি ওথমান জানান, এসব স্থাপনায় যৌনসেবা দেওয়া হতো ৬০ রিংগিত থেকে শুরু করে। কেন্দ্রগুলো দিনে দুই শিফটে পরিচালিত হতো, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা এবং সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী দিন সকাল পর্যন্ত।

এছাড়া অভিযানকালে জালান পেতালিংয়ে চারজন নারীসহ বিদেশি যাত্রী বহনকারী একটি গাড়ি পালানোর চেষ্টা করলেও তা আটক করা হয়। গাড়িতে থাকা এক বাংলাদেশিসহ চার নারীকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কেএলআইএ, বারণাং ও সেমোনিয়া ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে।