ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টির পানিতে ডুবলো দুবাই, বিপর্যস্ত জনজীবন ও যান চলাচল

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৯, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ । ১৯ জন

সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক রাজধানী দুবাইয়ে রাতভর ভারী বৃষ্টিতে রাস্তাঘাট প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে যানবাহন পানিতে আটকে পড়ায় স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়েছে।

শুক্রবার ভোররাত থেকে শুরু হওয়া এই বৃষ্টিপাতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, সংযোগস্থল, সার্ভিস রোড ও আন্ডারপাস পানির নিচে তলিয়ে যায়। এতে অনেক চালক মাঝপথে আটকা পড়েন এবং অনেকে বাধ্য হয়ে গাড়ি ফেলে রেখে নিরাপদ স্থানে সরে যান।

পরিস্থিতি মোকাবিলায় ভোরের আগেই পুলিশ, উদ্ধারকারী যানবাহন ও জরুরি সেবাকর্মীরা রাস্তায় নেমে উদ্ধার কার্যক্রম শুরু করে। শহরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করায় চলাচলে চরম ভোগান্তিতে পড়েন বাসিন্দারা।

কর্তৃপক্ষ জানিয়েছে, মরু অঞ্চলের শহর হওয়ায় হঠাৎ ভারী বৃষ্টি ও ঝড়ে নিচু এলাকার সড়কগুলো দ্রুত প্লাবিত হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ ধরনের পরিস্থিতি ভবিষ্যতেও বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতজুড়ে আরও বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কায় আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সম্ভাব্য ফ্লাইট বিলম্বের বিষয়ে সতর্ক থাকতে বলেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে এবং নাগরিকদের অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।