ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু, আহত ৬

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৪, ২০২৬ ১:৪১ অপরাহ্ণ । ৮ জন

পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা-সহ আরও ৬ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গতকাল শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা শহরের পায়রা চত্বর এলাকায় দেবীগঞ্জ-সোনাহার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আল আমিন (৭)। তিনি দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের নুরুরবাজার-শিকদারপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে। তিনি স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র ছিলেন।

আহতদের মধ্যে রয়েছেন আল আমিনের মা আছমা বেগম (৪০), তাদের স্বজন জুলেখা বেগম (৪০), সাজেদা বেগম (৩৫), সুজাত (১০), আরাফাত (৫) এবং ভ্যানচালক তারা মিয়া (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দাওয়াত খেয়ে পরিবারসহ ব্যাটারিচালিত ভ্যানে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় দেবীগঞ্জ উপজেলা শহরের পায়রা চত্বর এলাকায় সোনাহার থেকে আসা একটি ট্রাক্টর ভ্যানটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালকসহ সবাই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম মালিক জানান, দুর্ঘটনার পর ট্রাক্টর ফেলে চালক পালিয়ে গেছে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। নিহত শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।