আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মোট ৩৭টি প্রতিষ্ঠানের অনুকূলে ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করার অনুমতি দেওয়া হয়েছে। রপ্তানির সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত।
আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
রপ্তানির জন্য শর্তাবলি:
১. রপ্তানি নীতি ২০২৪–২৭ এর বিধি-বিধান মেনে চলতে হবে।
২. অনুমতির মেয়াদ ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে।
৩. প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য ন্যূনতম ১২.৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
৪. শুল্ক কর্তৃপক্ষ রপ্তানিযোগ্য পণ্যের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করবে।
৫. পরবর্তী আবেদনের ক্ষেত্রে পূর্ববর্তী অনুমোদিত পরিমাণ হতে প্রকৃত রপ্তানির তথ্য-প্রমাণ দাখিল করতে হবে।
৬. অনুমোদিত পরিমাণের বেশি রপ্তানি করা যাবে না।
৭. প্রতিটি চালান রপ্তানির সময় শুল্ক কর্তৃপক্ষ ASYCUDA World System এর মাধ্যমে পরীক্ষা করে অতিরিক্ত পণ্য রপ্তানি না হয় তা নিশ্চিত করবে।
৮. অনুমতি হস্তান্তরযোগ্য নয় এবং অনুমোদিত রপ্তানিকারক কোনোভাবেই সাব-কন্ট্রাক্ট দিতে পারবেন না।
৯. সরকার প্রয়োজনে যে কোনো সময় এ অনুমতি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে ভারতের বাজারে শিগগিরই বাংলাদেশি ইলিশ পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।


