ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ণ । ৩২ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ টানা তিনদিন বন্ধ থাকার পর আজ শনিবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৩টায় হিলি স্থলবন্দর পানামা পোর্ট লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

হিলি স্থলবন্দরের কাস্টমস বিভাগের সুপার এম আর জামান জানান, নির্বাচন উপলক্ষে তিনদিন বন্ধ থাকার পর আজ দুপুর থেকে ভারত থেকে ভুট্টা, মসলা ও ফল বোঝাই বেশ কয়েকটি ট্রাক দেশে প্রবেশ করেছে। আমদানিকৃত পণ্যবাহী ট্রাক থেকে মালামাল খালাসের কাজ চলছে এবং বন্দরের সার্বিক কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

উদ্ভিদ নিরোধ কর্মকর্তা মো. ইউসুফ আলী জানান, শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। পাশাপাশি বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রমও স্বাভাবিক হয়েছে। ভারত থেকে প্রবেশ করা পণ্যবাহী ট্রাকগুলো আনলোড হয়ে দেশীয় ট্রাকে লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বন্দর কার্যক্রম বন্ধ ছিল। আজ ১৪ ফেব্রুয়ারি থেকে পুনরায় বাণিজ্য কার্যক্রম চালু হয়েছে।