এক মাস ২০ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানি শুরু হয়েছে। আমদানি অনুমতি পাওয়ার তিন দিনের মাথায় চাল আমদানিতে নামে আমদানিকারকরা।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ভারত থেকে ডিপি এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের দুইটি চালবোঝাই ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করলে আমদানি কার্যক্রম শুরু হয়।
এর আগে সর্বশেষ গত বছরের ৩০ নভেম্বর এই বন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল।
হিলি চাল বাজারের আজকের তথ্যমতে, প্রতিকেজি সম্পা কাটারি চাল বিক্রি হচ্ছে মানভেদে ৭০ থেকে ৭১ টাকা দরে এবং স্বর্ণা-৫ জাতের চাল বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। অন্যদিকে, আজ আমদানিকৃত চাল বন্দরে বিক্রি হচ্ছে প্রতিকেজি ৬৪ থেকে ৬৫ টাকা দরে, যা বাজারদরের তুলনায় কেজিতে প্রায় ৫ টাকা কম।
চাল আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি রিন্টু কমল সরকার বলেন, “আজ প্রথম দিন ভারত থেকে দুই ট্রাকে সম্পা কাটারি জাতের চাল আমদানি হয়েছে। চাহিদা থাকায় এসব চাল বন্দরেই প্রতিকেজি ৬৪ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আমদানি আরও বাড়লে চালের দাম আরও কমে আসবে।”
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ উপ-পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, “গত ১৮ জানুয়ারি আমদানির অনুমতি দেওয়ার পর আজ থেকে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। আমদানি করা চালের মান পরীক্ষা-নিরীক্ষা শেষে ছাড়করণের অনুমতি দেওয়া হচ্ছে। বর্তমানে বন্দরের ৩২ জন আমদানিকারককে মোট ১৫ হাজার টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে।”
হিলি কাস্টমস শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ বাঁধন জামান বলেন, “আজ ভারত থেকে দুইটি ট্রাকে মোট ৭৭ টন চাল আমদানি হয়েছে। আমদানিকৃত চাল ৪৫০ ডলার মূল্যে শুল্কায়ণ করা হচ্ছে। দ্রুত বাজারজাত করতে আমদানিকারকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।”
চাল আমদানি শুরু হওয়ায় স্থানীয় বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে আসবে বলে আশা করছেন ব্যবসায়ী ও ভোক্তারা।


