পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করছে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বাজারদরের চেয়ে কম দামে পাঁচটি পণ্য—ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুর—বিক্রি করা হবে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে। পাশাপাশি ফ্যামিলি কার্ডধারীরাও ভর্তুকিমূল্যে এসব পণ্য কিনতে পারবেন।
টিসিবি জানিয়েছে, প্রতি কেজি ছোলা ৬০ টাকা, খেজুর ১৬০ টাকা, চিনি ৮০ টাকা এবং মসুর ডাল ৭০ টাকা দরে বিক্রি হবে। ভোজ্যতেল প্রতি লিটার ১১৫ টাকায় পাওয়া যাবে। একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার তেল, এক কেজি চিনি, দুই কেজি ডাল, এক কেজি ছোলা এবং বরাদ্দ সাপেক্ষে এক থেকে দুই কেজি খেজুর কিনতে পারবেন।
ফ্যামিলি কার্ডধারী পরিবারের জন্য প্রতিমাসে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রির পাশাপাশি রমজান উপলক্ষে ছোলা ও খেজুর যুক্ত করা হয়েছে। এতে নিম্নআয়ের পরিবারগুলো বিশেষভাবে উপকৃত হবে বলে জানানো হয়েছে।
প্রতিদিন রাজধানীতে ৫০টি, চট্টগ্রাম মেট্রোপলিটনে ২০টি এবং দেশের সাতটি মেট্রোপলিটন এলাকায় ১৫টি করে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি হবে। এছাড়া বাকি ৫৫ জেলায় পাঁচটি করে মোট ৪৫০টি ট্রাকের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হবে।
আজ থেকে ১২ মার্চ পর্যন্ত (শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া) মোট ২০ দিন এ বিক্রয় কার্যক্রম চলবে। টিসিবির তথ্য অনুযায়ী, ট্রাকসেলের মাধ্যমে সারা দেশে প্রায় ৩৫ লাখ উপকারভোগীর কাছে প্রায় ২৩ হাজার টন পণ্য বিক্রি করা হবে।


