ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

রমজানের আগেই লেবুতে তাণ্ডব! হালি লেবু এখন ১০০ টাকায়

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ২:০৪ অপরাহ্ণ । ৩৩ জন

চট্টগ্রামের মিরসরাইয়ে রমজান শুরু হওয়ার আগেই লেবুর দাম তিন থেকে চারগুণ বেড়ে গেছে। তিনদিন আগে ৩০–৪০ টাকায় বিক্রি হওয়া এক হালি (৪টি) লেবু এখন কমপক্ষে ১০০ টাকায় পাওয়া যাচ্ছে।

এছাড়া কাঁচা মরিচের দামও বাড়তি; প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। তবে শষা, বেগুনের দাম এখনও সহনীয় রয়েছে। বাজারে দেখা গেছে, চিকন বেগুন ৫০–৬০ টাকা, টমেটো ৬০–৭০ টাকা, গাজর ৪০–৫০ টাকা, মুলা ০–৩০ টাকা, পেঁপে ৩৫–৪০ টাকা, শসা ৬০–৭০ টাকায় বিক্রি হচ্ছে।

লেবু ব্যবসায়ী জামাল উদ্দিন জানান, “কিছুদিন আগে এক বস্তা লেবুর দাম ছিল ১২০০–২০০০ টাকা, এখন কিনতে হচ্ছে ৫৫০০–৬০০০ টাকায়। প্রতি বস্তায় প্রায় ১৮০০–২০০০ লেবু থাকে। বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করা হচ্ছে।”

লেবু বাগানের মালিক নুরেছাপা বলেন, “এখন লেবুর মৌসুম না হওয়ায় দাম বেশি। উৎপাদন খরচও বেশি। বৃষ্টির মৌসুমে ফলন বাড়লে দাম কমে যাবে।”

ক্রেতারা অভিযোগ করছেন, রমজান মাস শুরু হওয়ার আগেই বিক্রেতারা দাম বাড়িয়ে দিয়েছেন। মো. আবদুল হক বলেন, “রমজান এখনো আসেনি, কিন্তু দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। মাস শুরু হলে আরও দাম বাড়বে, সংসার চালানো কঠিন হয়ে যাবে।”