ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  • অন্যান্য

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১, ২০২৫ ১১:২৮ পূর্বাহ্ণ । ১৭৮ জন

মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ালা লিপিস জেলায় একটি সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে সুঙ্গাই কোয়ান শহরে ঘটে।

নিহতরা হলেন তুহিন আলী (২৫) এবং মো. শামিম রেজা (২৩)। তারা গোমস্তাপুর উপজেলার স্থানীয়, এবং মালয়েশিয়ার একটি পাম তেলের বাগানে কাজ করতেন। দুর্ঘটনার সময় তারা সহকর্মীদের সঙ্গে পিকআপ গাড়িতে বাড়ি ফিরছিলেন। পাহাড়ি অঞ্চল সুঙ্গাই কোয়ান এলাকায় একটি মোটরসাইকেল বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। পিকআপ থেকে তিনজন লাফাতে সক্ষম হলেও তুহিন ও শামীম নিচে পড়ে নিহত হন।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে নিহত দুইজনের মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে।

তুহিনের মামা শফিকুল ইসলাম জানিয়েছেন, দুই বছর আগে তুহিন মালয়েশিয়ায় গিয়েছিলেন। দুর্ঘটনার দিন সরকারি ছুটির দিনে ওভারটাইম কাজ শেষে তারা পিকআপে বাড়ি ফিরছিলেন।

উল্লেখ্য, গোমস্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকের মুন্সি এর বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।