ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

ফেরিতে গাড়ি ওঠানোর আগে যাত্রী নামানো বাধ্যতামূলক: নৌমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৯, ২০২৬ ৪:১৭ অপরাহ্ণ । ১২ জন

নৌ দুর্ঘটনা ও ফেরি পারাপারে ঝুঁকি এড়াতে কঠোর নির্দেশনা দিয়েছেন নৌমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ফেরিতে গাড়ি ওঠানোর আগে শতভাগ যাত্রী নামানো নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই যাত্রীসহ গাড়ি ফেরিতে তোলা যাবে না।

রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও সার্বিক নিরাপত্তা জোরদারে আয়োজিত উচ্চপর্যায়ের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, ফেরিঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যারিয়ার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বাস্তবায়নে কিছু কৌশলগত চ্যালেঞ্জ রয়েছে, তবুও তা কার্যকর করা হবে। বিআরটিএ ও পরিবহন মালিক সমিতি যৌথভাবে বিষয়টি নিশ্চিত করবে বলেও জানান তিনি।

এছাড়া মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, বাসস্ট্যান্ড ছাড়া মহাসড়কের পাশে যত্রতত্র কোনো টিকিট কাউন্টার রাখা যাবে না। সব কাউন্টার নির্ধারিত বাসস্ট্যান্ড বা গন্তব্যস্থলে স্থানান্তর করা হবে।

মন্ত্রী আরও বলেন, হাইওয়ে পুলিশকে আরও সক্রিয় করা হবে, যাতে মহাসড়কে কোনো অস্থায়ী বাজার বসতে না পারে। অতীতে ঈদ মৌসুমে ট্রাক চলাচল নিয়ন্ত্রণে কিছু সীমাবদ্ধতা থাকলেও এবার তা আরও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, কোথাও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সরকারের এসব উদ্যোগ সড়ক ও নৌপথে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।