ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৯, ২০২৬ ২:৫৬ অপরাহ্ণ । ৩০ জন

গ্রাহকদের দীর্ঘদিনের অসন্তোষের অবসান ঘটিয়ে প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া (মিটার চার্জ) বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এ তথ্য জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে মিটার চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছিল। গ্রাহকদের সুবিধা নিশ্চিত করতে এবং জনবান্ধব বিদ্যুৎ সেবা গড়ে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, এখন থেকে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের আর মাসিক কোনো অতিরিক্ত মিটার ভাড়া দিতে হবে না। আগে রিচার্জের সময় নির্দিষ্ট পরিমাণ অর্থ মিটার রক্ষণাবেক্ষণ বাবদ কাটা হতো।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরে প্রশ্ন তুলছিলেন—মিটারের প্রকৃত মূল্য আদায়ের পরও কেন অতিরিক্ত চার্জ দিতে হচ্ছে। বিদ্যুৎ মন্ত্রণালয়ের মতে, অতীতে মিটার কেনাকাটায় অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের বোঝা গ্রাহকদের ওপর চাপানো হয়েছিল।

মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যুৎ খাতে স্বচ্ছতা আনা এবং গ্রাহকদের আর্থিক সাশ্রয় নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের মাসিক ব্যয় কমবে এবং তারা সরাসরি উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।