পেরুর আরেকিপা অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারকাজের সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দেশটির বিমানবাহিনী এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
বিধ্বস্ত হেলিকপ্টারটি রুশ-নির্মিত এমআই-১৭। এর সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানবাহিনী জানায়, উদ্ধারকর্মীদের মধ্যে চার ক্রু সদস্য এবং হেলিকপ্টারে থাকা ১১ যাত্রী নিহত হয়েছেন।
হেলিকপ্টারটি ইকা অঞ্চলের পিসকো শহর থেকে উড্ডয়ন করেছিল এবং উদ্ধারকারীরা প্রায় ৩০০ কিলোমিটার দূরে আরেকিপার চালা শহরে এটি খুঁজে পায়। হেলিকপ্টারটি বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে অভিযান পরিচালনা করছিল। সেখানে বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


