ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

২৪ ঘণ্টায় ৭ নতুন রোগী, আতঙ্কে নেত্রকোনা

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৮, ২০২৬ ১:৪১ অপরাহ্ণ । ২৩ জন

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলায় প্রতিদিনই নতুন সন্দেহভাজন রোগী শনাক্ত হওয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ল্যাব পরীক্ষায় আরও ৩ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া নতুন করে ১৬ জন সন্দেহভাজন রোগী পাওয়া গেছে, যাদের মধ্যে ৭ জনকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রথমে আটপাড়া উপজেলায় হামের প্রকোপ দেখা দিলেও বর্তমানে তা জেলার ১০টি উপজেলাতেই ছড়িয়ে পড়েছে। আক্রান্তদের মধ্যে ১ জন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৬ জন নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পূর্বধলা উপজেলা থেকে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।

নেত্রকোনার সিভিল সার্জন ডা. গোলাম মাওলা নঈম জানিয়েছেন, বুধবার (৭ এপ্রিল) পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ জনে। এর মধ্যে ৫৯ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ১৩ জনকে রেফার করা হয়েছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত ১০৮ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে নতুন ৩ জনসহ মোট ১৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

সংক্রমণ রোধে জেলা স্বাস্থ্য বিভাগ বিশেষ ব্যবস্থা নিয়েছে। নেত্রকোনা সদর হাসপাতালের পুরনো ১০০ শয্যার মহিলা ওয়ার্ডকে অস্থায়ী ‘হাম আইসোলেশন ওয়ার্ড’ হিসেবে ঘোষণা করা হয়েছে, যেখানে আক্রান্তদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে। স্বাস্থ্য বিভাগ জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।