ঢাকাশুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

নির্বাচন উপলক্ষে গাজীপুর মহানগরে যানবাহন চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ । ২৬ জন

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গাজীপুর মহানগর এলাকায় বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ জারি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পুলিশ কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জনপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচন আচরণবিধির আলোকে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত গাজীপুর মহানগরীর নির্বাচনি এলাকায় মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এছাড়া ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ ও ট্রাক চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়ানো এবং ভোটারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার বলেন, জনস্বার্থে এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ নির্দেশনা জারি করা হয়েছে।