ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

নড়িয়ায় মোবাইল কোর্ট অভিযানে ৭টি প্রতিষ্ঠান জরিমানা

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ১২:১৬ অপরাহ্ণ । ২৮ জন

শরীয়তপুরের নড়িয়ায় পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজারে ভেজাল ও অমান্য অনিয়ম নিয়ন্ত্রণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সমন্বিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) গোলার বাজার এলাকায় অভিযান চলাকালীন ৭টি প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ফল, মুদিপণ্য, মাংস ও মিষ্টির দোকানসহ বিভিন্ন খাদ্যপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। পণ্যের মানহীন সংরক্ষণ, মূল্য তালিকা না থাকা, লাইসেন্স ও নিবন্ধনের ঘাটতি ইত্যাদি অসংগতি ধরা পড়ে। এর ফলে ৬টি দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বাজারসংলগ্ন সরদার বেকারি তদারকিতে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ হাইড্রোজ, টেক্সটাইল ডাই এবং অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। বৈধ নিবন্ধন না থাকায় বেকারিকে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ক্ষতিকর রং ও কেমিক্যাল তাৎক্ষণিক ধ্বংস করা হয়েছে এবং প্রতিষ্ঠানকে চার মাসের মধ্যে ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য এবং সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস, সহযোগিতা করেন র‍্যাব-৮ এর একটি দল।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এবং ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় রমজান জুড়ে এই ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।