ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

দেবিদ্বারে কোটি টাকায় সংস্কারকৃত সড়ক বছর না যেতেই ভেঙে পড়ল

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৭, ২০২৫ ১০:১০ পূর্বাহ্ণ । ২০৯ জন

কুমিল্লার দেবিদ্বারে প্রায় কোটি টাকা ব্যয়ে সংস্কারকৃত একটি সড়কের অংশ বছর পার না হতেই ভেঙে পড়েছে। গত সোমবার বিকেলে কালিকাপুর-শালঘর সড়কের সংযোগ সৈয়দপুর বাজার–পৈরাংকুল আব্দু মার্কেট সড়কের পৈরাংকুল গ্রামের অংশ হঠাৎ ভেঙে যায়। এতে বড়শালঘর, ইউছুফপুর, সুবিল ও ফতেহাবাদ ইউনিয়নের অন্তত ১২টি গ্রামের মানুষের চলাচলে ভোগান্তি দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, মাত্র এক বছর আগে সড়কটির সংস্কার কাজ শেষ হয়েছিল। কিন্তু হঠাৎ ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে গ্রামের মানুষকে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে। তাদের অভিযোগ, সড়কের পাশে থাকা মাছের খামারের কারণে যথাযথ রিটার্নিং ওয়াল না থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

ঠিকাদার মাহফুজুর রহমান সরকার বলেন, সড়ক মেরামতের সময় কোনো ত্রুটি ছিল না। সড়কের এক পাশে খাল এবং অন্য পাশে মাছের খামার থাকায় পানির চাপ বা নিচের অংশে লিকেজের কারণে সড়ক দেবে গেছে। তিনি আশ্বাস দেন, শিগগিরই ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে চলাচলের উপযোগী করা হবে।

উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার জানান, প্রায় এক বছর আগে আনুমানিক এক কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করা হয়েছিল। পুকুর ও খালের পাড়ে অবস্থানের কারণে সড়কের মাটি সরে গিয়ে এ সমস্যা হয়েছে। তিনি আরও বলেন, প্রকৌশল বিভাগ ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেছে এবং দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।