রাজধানীর ডেমরা এলাকায় ভেজাল ও নকল খাদ্য সামগ্রীর বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুটি কারখানা থেকে বিপুল পরিমাণ নকল ও নিম্নমানের খাদ্য সামগ্রী জব্দ করে ধ্বংস করা হয় এবং একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এসব তথ্য জানান।
তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক, জালিয়াতি ও ভেজাল খাদ্য সামগ্রীর উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে শুরু থেকেই কঠোর অবস্থানে রয়েছে র্যাব। এসব অপরাধ দমন ও প্রতিরোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ১৮ জানুয়ারি র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এবং র্যাব-১০-এর সহযোগিতায় ডেমরা এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে বিএসটিআই অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল, ভেজাল ও নিম্নমানের খাদ্য সামগ্রী উৎপাদন ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ সময় নামবিহীন একটি কারখানায় নকল ঘি উৎপাদন এবং অবৈধভাবে বিএসটিআইয়ের সিল ব্যবহারের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ২৫৬ কেজি নকল ঘি জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
এছাড়া লাইসেন্স ও বিএসটিআই অনুমোদন ছাড়া পণ্য বাজারজাত করার অভিযোগে শাওন কনজ্যুমার প্রোডাক্টসের একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। প্রতিষ্ঠানটির অবৈধ ও অনুমোদনহীন খাদ্য সামগ্রীও জব্দ করে ধ্বংস করা হয়েছে।
তাপস কর্মকার আরও জানান, জনস্বার্থে ভেজাল ও নিম্নমানের খাদ্য সামগ্রী উৎপাদন ও বিপণনের মতো প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।


