ঝিনাইদহে কৃষির আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরতে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬। আগামী ১৪ জানুয়ারি (বুধবার) পর্যন্ত চলবে এ মেলা, যেখানে সদর উপজেলার বিভিন্ন এলাকার কৃষি উদ্যোক্তা ও তরুণ উদ্ভাবকরা তাদের উদ্ভাবনী কৃষি প্রযুক্তি ও উৎপাদন কৌশল প্রদর্শন করছেন।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ। এর আগে সদর উপজেলা কৃষি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো. কামরুজ্জামান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনেআরা। এছাড়া অনুষ্ঠানে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও তরুণ কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় মোট ১৮টি স্টল বসানো হয়েছে। এসব স্টলে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি উদ্ভাবন, নিরাপদ চাষাবাদ পদ্ধতি ও উচ্চমূল্যের ফসল উৎপাদনের কৌশল প্রদর্শন করা হচ্ছে।
মেলায় পারিবারিক সবজি ও পুষ্টি বাগান, নিরাপদ ঔষধি ফসল, মাশরুম উৎপাদন, ফুল প্রদর্শনী, উচ্চমূল্যের ফল ও মশলা চাষসহ বিভিন্ন কৃষি প্রযুক্তি ও শস্যচিত্র প্রদর্শিত হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, ঝিনাইদহে সব ধরনের ফসল উৎপাদনের জন্য অনুকূল পরিবেশ রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ কম হওয়ায় এ জেলা কৃষিপণ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক কৃষি প্রযুক্তিতে তরুণদের আগ্রহ বাড়ছে, যা দেশের কৃষিকে আরও সমৃদ্ধ করবে।


