ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  • অন্যান্য

মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ:

চার দিনে ঢাকায় ১৩১ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ণ । ৪০ জন

মধ্যপ্রাচ্যে হঠাৎ করে উদ্ভূত নিরাপত্তা সংকটের প্রভাব পড়েছে আন্তর্জাতিক আকাশপথে। একাধিক দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে ফ্লাইট চলাচলে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায়ও। যার ফলে গত চার দিনে মোট ১৩১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর ফলে আন্তর্জাতিক ও বাহ্যিক ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়।

আজ ৩ মার্চ কাতার রুটের ৪টি, এমিরেটসের ৪টি, গালফ এয়ার (বাহরাইন) ৪টি, ফ্লাইদুবাইয়ের ৪টি, কুয়েতের ২টি এবং জাজিরা এয়ারওয়েজ (কুয়েত) রুটের ৪টিসহ মোট ২২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট রুটে ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে কি না—তা সংশ্লিষ্ট এয়ারলাইন্স ও আন্তর্জাতিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এতে করে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের মধ্যে অনিশ্চয়তা ও ভোগান্তি দেখা দিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ভ্রমণের আগে নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।