ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

ঘোড়াশাল বাইপাসে কাভার্ডভ্যানের ধাক্কায় তরুণ নিহত

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ । ২৬ জন

নরসিংদীর ঘোড়াশাল বাইপাস সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় আকাশ মিয়া (১৮) নামে এক মিনি ট্রাকের হেলপার নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ মিয়া জামালপুর জেলার মেলান্দহ উপজেলার শেখ সাদি এলাকার লিটন মিয়ার ছেলে। তিনি গাজীপুরের টঙ্গী হাজি মাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে টঙ্গী থেকে রায়পুরার উদ্দেশে পণ্যবোঝাই একটি মিনি ট্রাক ছেড়ে আসে। ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ট্রাকটি ঘোড়াশাল বাইপাস সড়কে পৌঁছায়। এসময় চালক ট্রাকটি সড়কের পাশে থামিয়ে পাশের একটি দোকানে চা পান করছিলেন। হেলপার আকাশ মিয়া ট্রাকের নিচে নেমে মালামাল সঠিকভাবে বাঁধা আছে কি না তা যাচাই করছিলেন।

এসময় বিপরীত দিক থেকে আসা প্রাণ-আরএফএলের ভাড়ায় চালিত একটি কাভার্ডভ্যান মিনি ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে আকাশ মিয়ার মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং কাভার্ডভ্যানটি জব্দ করে।

মিনি ট্রাকের চালক মামুন মিয়া জানান, কাভার্ডভ্যান চালক ঘুম চোখে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা।

দুর্ঘটনায় ছেলে নিহত হওয়ার খবর পেয়ে টঙ্গী থেকে ঘটনাস্থলে ছুটে আসেন আকাশের মা আকলিমা বেগম। তার আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পলাশ থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।