ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে বাস খাদে পড়ে নারী নিহত, একই পরিবারের তিনজন আহত

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৯, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ । ২৫ জন

বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের দুই সদস্যসহ মোট তিনজন আহত হয়েছেন।

রোববার (২৯ মার্চ) ভোর সোয়া ৫টার দিকে উপজেলার বাটাজোর বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইতি (৩৫) বরিশাল মহানগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা গুরুদাস চক্রবর্তীর স্ত্রী। আহতরা হলেন তার মেয়ে উপমা চক্রবর্তী (১৬), স্বামী গুরুদাস চক্রবর্তী (৬০) এবং অপর এক যাত্রী পবিত্র মজুমদার (৫০)।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বরগুনাগামী গ্রীনভিউ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাটাজোর বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডান পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইতিকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই গৌরনদী ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।