রাজধানীর উত্তরায় সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ফুয়াদ হাসান হৃদয় নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে উত্তরার জসিম উদ্দিন রোড ফ্লাইওভারের ঢালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফুয়াদ হাসান হৃদয় নওগাঁর সদর উপজেলার বাসিন্দা ফাইজুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী রাজীব জানান, সকাল সাড়ে ৬টার দিকে ফ্লাইওভারের ঢালে ত্রিমুখী ওই সংঘর্ষের সময় মোটরসাইকেল চালক ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকাল সোয়া ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তরায় গাড়ি দুর্ঘটনায় আসা মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


