ঢাকাশুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

ইটবোঝাই ট্রাকের চাপায় স্বামী-স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ । ২৪ জন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইটবোঝাই ট্রাকের চাপায় অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ভূঁইয়াগাঁতী–নিমগাছী সড়কের খৈচালা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কুমারল্লু গ্রামের জালাল উদ্দীন ও স্ত্রী মনোয়ারা বেগম। আহতরা হলেন- অটোভ্যান চালক মগরিব আলী, মনোয়ারা খাতুন, আব্দুর রউফসহ আরও একজন যাত্রী।

রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুল মতিন জানান, শুক্রবার সকালে নিমগাছি থেকে ইট বোঝাই ট্রাকটি ভুইয়াগাঁতিতে যাচ্ছিল। আঞ্চলিক সড়কের খৈচালা এলাকায় পৌঁছে ট্রাকটি অটোভ্যানটিকে পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।