ভারতের আসাম রাজ্যে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দেশটির বিমানবাহিনীর (আইএএফ) দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে আসামের কারবি আংলং জেলায় সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।
নিহত দুই পাইলট হলেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পুর্বেশ দূর্গাকর। দুর্ঘটনার পর ভারতীয় বিমানবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোক প্রকাশ করে জানিয়েছে, এই কঠিন সময়ে তারা নিহতদের পরিবারের পাশে রয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, যুদ্ধবিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল। আসামের জোরহাট বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে বিমানের সঙ্গে শেষবার যোগাযোগ হয়। পরে এটি জোরহাট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার সময় তারা পাহাড়ি এলাকা থেকে বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আকাশে আগুনের গোলা দেখতে পেয়েছেন।
এ ঘটনায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক্সে দেওয়া এক বার্তায় বলেন, নিহত পাইলটদের সাহস ও দেশের জন্য তাদের ত্যাগ জাতি গর্ব ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। এই শোকের সময়ে পুরো জাতি তাদের পরিবারের পাশে রয়েছে।
সুখোই সু–৩০ এমকেআই একটি দুই আসনের দীর্ঘ-পাল্লার যুদ্ধবিমান, যা রাশিয়ার সুখোই কোম্পানি তৈরি করেছে। ভারতীয় বিমানবাহিনীর জন্য এই বিমানগুলো হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের লাইসেন্সে উৎপাদন করা হয়। ১৯৯৭ সালে প্রথম এই যুদ্ধবিমান আইএএফের বহরে যুক্ত হয় এবং বর্তমানে তাদের ফ্লিটে ২৬০টির বেশি সু–৩০ এমকেআই রয়েছে।
এর আগে ২০২৪ সালের জুনে মহারাষ্ট্রের নাসিকে এবং ২০২৩ সালের জানুয়ারিতে মধ্যপ্রদেশের গ্বালিয়রে একই ধরনের যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছিল।


