ঢাকারবিবার , ২১ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

শান্তিপ্রিয় মানুষের অংশগ্রহণে রাজধানীতে বিশ্ব মেডিটেশন দিবস

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২১, ২০২৫ ১১:০৩ পূর্বাহ্ণ । ২৪৮ জন

পরিবেশের দূষণ যেমন মানুষকে কষ্ট দেয়, তেমনি মনের দূষণও নিজের ও অন্যের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়-এই বার্তা নিয়ে রাজধানীতে পালিত হয়েছে বিশ্ব মেডিটেশন দিবস। রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে দিনটি উদযাপন করা হয়। বাংলাদেশে মেডিটেশন চর্চার পথিকৃৎ স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন এ আয়োজনের উদ্যোগ নেয়।

সকাল ৭টায় শুরু হওয়া আয়োজনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো শান্তিপ্রিয় মানুষ জাতীয় প্রেস ক্লাবে জড়ো হন। এ সময় প্রেস ক্লাব প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সম্মিলিত কণ্ঠে ভালো থাকার প্রত্যয় উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর উপস্থিত সবাই মেডিটেশনের মাধ্যমে নীরবে নিজের ভেতরে ডুবে যান।

অনুষ্ঠানে এক অডিও বার্তায় কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মাদাম নাহার আল বোখারী উপস্থিত সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

বৈজ্ঞানিক মেডিটেশন পদ্ধতি ‘কোয়ান্টাম মেথড’-এর উদ্ভাবক শহীদ আল বোখারী মহাজাতক অডিও বার্তায় বলেন, কোয়ান্টাম তিন দশক ধরে বলে আসছে-মন ভালো তো সব ভালো। ২০২৪ সালে জাতিসংঘ ২১ ডিসেম্বরকে বিশ্ব মেডিটেশন দিবস হিসেবে ঘোষণা করায় সারা বিশ্বের মেডিটেশন চর্চাকারীদের মতো বাংলাদেশের মেডিটেশনপ্রেমীদের মধ্যেও আনন্দের সাড়া পড়ে। কোয়ান্টাম ২০২৫ সালকে ‘দ্য ইয়ার অব মেডিটেশন’ হিসেবে ঘোষণা করেছে, ফলে সমাজের সর্বস্তরে মেডিটেশন চর্চা নতুন গুরুত্ব পেয়েছে।

আলোচনায় বর্তমান ডিজিটাল জীবনের উদ্বেগ, উৎকণ্ঠা, অস্থিরতা, ট্রমা, ভয় ও অনিশ্চয়তা এবং সেখান থেকে সৃষ্ট মনোদৈহিক রোগের বিষয়টি তুলে ধরা হয়। বক্তারা জানান, এসব সমস্যা থেকে মুক্তির পথ দেখায় মেডিটেশন। তাই মেডিটেশনের বার্তা বিশ্বের প্রতিটি ঘরে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে মেডিটেশন চর্চার অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, জাতীয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)-এর সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ রেজওয়ানুল হক রাজা, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন এবং স্কলাস্টিকা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ড. শাহিদা রহমান।

ঘণ্টাব্যাপী এ আয়োজনে মিডিয়া ব্যক্তিত্বসহ নানা পেশার মানুষ অংশ নেন। রাজধানীর বাইরে চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেটসহ দেশব্যাপী শতাধিক স্থানে এবং দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় একযোগে বিশ্ব মেডিটেশন দিবস উদযাপিত হয়। শান্তিপ্রিয় শিশু-কিশোরসহ অসংখ্য মানুষ মেডিটেশনে অংশ নেন-যারা বিশ্বাস করেন, মন ভালো থাকলেই সব ভালো। সংশ্লিষ্টদের প্রত্যাশা, বিশ্ব মেডিটেশন দিবসকে কেন্দ্র করে আরও বেশি মানুষ যুক্ত হবে ভালো থাকার এই অভিযাত্রায়।