ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  • অন্যান্য

রাজবাড়ীতে ট্রাক চাপায় পাম্পে দুজন নিহত

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৬, ২০২৬ ১১:১২ পূর্বাহ্ণ । ১২ জন

রাজবাড়ীতে পাম্পে তেল নিতে এসে ট্রাক চাপায় দুজন নিহত হয়েছেন। রোববার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টা ৯ মিনিটে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ব্রাকপাড়ার ইদ্রিস পাটোয়ারীর ছেলে সোবাহান পাটোয়ারী (৪৫) এবং ঢাকার ধামরাই উপজেলার নান্নার গ্রামের সরল মিয়ার ছেলে স্বপন মিয়া (২২)।

স্থানীয় বিএনপি নেতা মো. সোবাহান জানান, ড্রাম ট্রাকের মালিক সোবাহান পাটোয়ারী তার ট্রাকে তেল নেওয়ার জন্য সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এসে ট্রাক থেকে নেমে ডিজেল সরবরাহকারী ফুয়েল ডিসপেনসার মেশিনের সামনে দাঁড়ান। অন্যদিকে, ঢাকা থেকে বেনাপোলগামী ট্রাকের হেলপার স্বপন মিয়া ট্রাক সিরিয়ালে রেখে ফুয়েল ডিসপেনসার মেশিনের সামনে দাঁড়ান। এ সময় একটি মাহেন্দ্র গাড়ি মেশিন থেকে তেল নিচ্ছিল। হঠাৎ একটি ট্রাক বেপরোয়া গতিতে পাম্পে এসে মাহেন্দ্র গাড়িটিকে চাপা দেয় এবং এর সামনে থাকা সোবাহান ও স্বপনকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরি বিভাগে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হারুন-অর-রশিদ জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।