মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতময় পরিস্থিতির কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুলসংখ্যক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত মোট ৫২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় এসব গন্তব্যে ফ্লাইট পরিচালনায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। ফলে ঢাকার বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী বেশিরভাগ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বিভিন্ন এয়ারলাইনস।
পরিসংখ্যান অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি বাতিল হয় ২৩টি ফ্লাইট। ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া ৪ মার্চ ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি এবং ৭ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়। ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল করা হয়। পরবর্তীতে ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৬টি এবং ১৫ মার্চ ২৩টি ফ্লাইট বাতিল হয়েছে।
গত রোববার রাত ১২টার পরও ফ্লাইট বাতিলের ধারা অব্যাহত ছিল। এদিন Kuwait Airways-এর ২টি, Air Arabia-এর ৮টি, Gulf Air-এর ২টি, Qatar Airways-এর ৪টি, Emirates-এর ২টি, Jazeera Airways-এর ৪টি, Flydubai-এর ৪টি এবং US-Bangla Airlines-এর ২টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে সেদিন মোট ২৮টি ফ্লাইট বাতিল করা হয়।
টানা ফ্লাইট বাতিলের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মীরা। অনেক যাত্রী ভ্রমণ অনিশ্চয়তায় পড়েছেন এবং কেউ কেউ ভিসার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কায় রয়েছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনা পুরোপুরি স্বাভাবিক হওয়া কঠিন হবে।


