ঢাকামঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫
  • অন্যান্য

ভোলায় জাহাজডুবি, প্রাণহানি নেই; দুই জাহাজের জিডি

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ণ । ১৬৬ জন

ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে সিরামিক কোম্পানির কাঁচামালবাহী কোষ্টার জাহাজ এমভি রেক্সগ্লোরি-১ ডুবির ঘটনা ঘটেছে। জাহাজটি বিপরীত দিক থেকে আসা আরেকটি জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়ে ধীরে ধীরে ডুবে যায়। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত ডুবে যাওয়ার একদিন পার হলেও এখনো উদ্ধারকাজ শুরু হয়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর থেকে ১৮শ টন সিরামিক কাঁচামাল নিয়ে এমভি রেক্সগ্লোরি-১ গত ২৯ আগস্ট ঢাকার উদ্দেশে রওনা দেয়। পরদিন ভোলার কাচিয়া ঘাটে নোঙর করে। রবিবার ভোরে বিপরীত দিক থেকে আসা এমভি সুলতান বক্কর নামের আরেকটি জাহাজ ধাক্কা দিলে রেক্সগ্লোরির তলা ফেটে যায়। এতে জাহাজটি ধীরে ধীরে ডুবতে শুরু করে।

জাহাজে থাকা ১৩ জন স্টাফ স্থানীয় ট্রলারের সাহায্যে নদীর তীরে তুলাতুলি মাছঘাটে আশ্রয় নেন। জাহাজটি বর্তমানে চার ভাগের তিন ভাগ পানির নিচে তলিয়ে গেছে। কেবল মাষ্টার ব্রিজ, চালকের রুম ও মাস্তুল দৃশ্যমান রয়েছে। আজ সন্ধ্যার মধ্যে সম্পূর্ণ ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে।

জাহাজের সুকানি শহিদুল ইসলাম জানান, মালিকপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারা দ্রুত উদ্ধার জাহাজ পাঠিয়ে মালামাল খালাস ও জাহাজটিকে বিপদমুক্ত করার পদক্ষেপ নেবেন।

এ ব্যাপারে ভোলা ইলিশা নৌ থানার ওসি শাহিন উদ্দিন বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডুবে যাওয়া জাহাজের সব স্টাফকে উদ্ধার করে নিরাপদে রাখা হয়েছে। তবে জাহাজ উদ্ধারের কাজ এখনো শুরু হয়নি।”

অন্যদিকে ভোলা মডেল থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, এ ঘটনায় দুটি জাহাজের পক্ষ থেকে থানায় দুটি পৃথক সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।