নড়াইলের কালিয়া উপজেলায় ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রলির নিচে চাপা পড়ে ইরান শেখ (২১) নামে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার নড়াগাতী থানা এলাকার চাপাইল–কালিয়া সড়কের মূলখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইরান শেখ কালিয়া উপজেলার জোকা গ্রামের মো. জুয়েল শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পেশায় ট্রলি চালক ইরান শেখ বুধবার দুপুরে জোকা গ্রাম থেকে ট্রলি নিয়ে কালিয়ার দিকে যাচ্ছিলেন। পথে চাপাইল–কালিয়া সড়কের মূলখানা এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে হেফাজতে নেয়।
নড়াগাতী থানার ওসি আব্দুর রহিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


