ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

কুষ্টিয়ায় হামে আরও এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৪, ২০২৬ ১২:৩৩ অপরাহ্ণ । ১৫ জন

হামের উপসর্গ নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে জেলায় এ পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ এপ্রিল) রাত ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের হাম ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৫ মাস ২০ দিন বয়সী শিশু আইজা মারা যায়। শিশুটির বাড়ি কুষ্টিয়া শহরের রেনউইক মোড় এলাকায়। তার বাবা মোমিন হোসেন।

পরিবারের সদস্যরা জানান, শিশুটির শরীরে হামের উপসর্গ দেখা দিলে ৩০ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে একই ওয়ার্ডে গত শুক্রবার ভোরে আফরান নামের ৮ মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, ভর্তি হওয়ার সময় থেকেই শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। আইসিইউ সাপোর্টের প্রয়োজন ছিল। তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হলেও পরিবার তা করতে পারেনি। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুষ্টিয়া জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, জেলায় এখন পর্যন্ত ৩০০-এর বেশি শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিল। এর মধ্যে ৭৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। তবে এখন পর্যন্ত তিন শিশুর মৃত্যু হয়েছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল হোসেন জানান, জেলায় হামের টিকা পর্যাপ্তভাবে পাওয়া যাচ্ছে না। সচেতনতার অভাব এবং বাইরে থেকে আসা মানুষের মাধ্যমে সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি হাসপাতালে আলাদা ‘হাম আইসোলেশন কর্নার’ খোলা হয়েছে এবং টিকা হাতে পাওয়া মাত্রই টিকাদান কার্যক্রম শুরু করা হবে।

এদিকে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে যাওয়ায় শয্যা সংকট দেখা দিয়েছে। আলাদা হাম কর্নার থাকলেও অনেক শিশুকে সাধারণ ওয়ার্ডে চিকিৎসা দিতে হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শ্বাসনালীর মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি শিশুদের নিয়মিত টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।